ads

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ ও মার্চ টু ঢাকা কর্মসূচি ঘিরে সংঘর্ষ ও হামলার ঘটনায় এ পর্যন্ত ৫৬৮ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

গতকাল বুধবারও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২৬ জনের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এদের মধ্যে সাতজন পুলিশ সদস্য, দুজন র‌্যাব সদস্য, ডিবি সদস্য একজন এবং একজন আনসার সদস্য রয়েছেন। এ ছাড়া পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ রয়েছে। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব লাশ উদ্ধার করে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত তিন দিনে (শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর) শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ৮৩টি লাশ।

জানা গেছে, ১ জুলাই থেকে শুরু হয় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন। এই আন্দোলন ১৫ জুলাই থেকে সহিংসতায় রূপ নেয়। ১৬ জুলাই সংঘর্ষে নিহত হয় ছয়জন। ৫ আগস্ট পর্যন্ত এই আন্দোলনকে কেন্দ্র করে ৪৩৯ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এর বাইরে গত মঙ্গলবার পর্যন্ত আরও ১০৩ জনসহ দেশে মোট ৫৪২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যাওয়া আরও ২৬ জনসহ এই সংখ্যা দাঁড়ায় ৫৬৮।

আরও খবর