ads

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের সিনিয়র নেতা আবদুস সালাম জানিয়েছেন, ইশরাক হোসেন ইস্যুতে দলের অবস্থান শিগগিরই স্পষ্ট করা হবে। সরকার এ বিষয়ে যেসব বার্তা দিচ্ছে, বিএনপি তা খতিয়ে দেখছে এবং আনুষ্ঠানিক অবস্থান জানাবে।

শুক্রবার (২০ জুন) বেলা ১১টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলি গৌরাঙ্গবাড়ি পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। বৈঠকে কেবল জাতীয় নির্বাচন নিয়েই আলোচনা হয়েছে। এর বাইরে স্থানীয় নির্বাচন নিয়ে কোনো পরিকল্পনা নেই। নির্বাচন কমিশনকে জাতীয় নির্বাচনের শিডিউল ঘোষণার আহ্বান জানানো হয়েছে। কাজেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কোনো সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে যেন কালো টাকার ব্যবহার না হয়, সেদিকেও নজর দিতে হবে। পাশাপাশি প্রচারণার ক্ষেত্র যেন বাধাগ্রস্ত না হয়, সেটিও বিবেচনায় রাখতে হবে।’

সীমান্ত দিয়ে ভারতের ‘পুশ-ইন’ প্রসঙ্গে আবদুস সালাম বলেন, ‘ভারত কেন এ ধরনের কাজ করবে, সেটি আমাদের প্রশ্ন। যদি কাউকে ফেরত পাঠাতে হয়, তাহলে সরকারকে বলবে। পুশ-ইন পদ্ধতি গ্রহণযোগ্য নয়।’

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার সবচেয়ে বেশি হিন্দুদের জমি দখল করেছে। বিএনপির কোনো নেতা এ ধরনের কাজে জড়িত নন। বিএনপি ধর্ম, বর্ণ, মতাদর্শ নির্বিশেষে সবার দল।’

এ সময় আরও উপস্থিত ছিলেন—বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দীন, রাজশাহী নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসা, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল হক টুকু প্রমুখ।

আরও খবর