ads

ঢাকা, ১৫ জুন : বাল্যবিবাহ প্রতিরোধে বিয়ের নিবন্ধন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। বিয়ের নিবন্ধনের ক্ষেত্রে ম্যানুয়াল বা কাগজের জন্মসনদের পরিবর্তে অনলাইন বা ডিজিটাল জন্ম নিবন্ধন রেকর্ড বাধ্যতামূলক করতে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সদস্য আবুল হাসনাতের এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।

মন্ত্রী জানান, ইউনিসেফ ও ইউএনএফপিএ-এর কারিগরি সহায়তায় বর্তমানে আইনের সংশোধনী খসড়া তৈরির কাজ চলছে। প্রস্তাবিত সংশোধনের মাধ্যমে বিদ্যমান আইনের ‘বিশেষ পরিস্থিতি’ সংক্রান্ত বিধানের অপব্যবহার এবং বাল্যবিবাহের সুযোগ তৈরি করা বিভিন্ন আইনি ফাঁকফোকর বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, নতুন আইনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হবে বিবাহ নিবন্ধনের সময় বাধ্যতামূলকভাবে অনলাইন বা ডিজিটাল জন্ম নিবন্ধন রেকর্ড ব্যবহার। এর ফলে জাল জন্মসনদ তৈরি করে অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের প্রকৃত বয়স গোপন করার প্রবণতা কমে আসবে বলে আশা করা হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, অনেক ক্ষেত্রে ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে আনুষ্ঠানিক নিবন্ধন ছাড়াই বিয়ে সম্পন্ন করা হয়। ফলে মাঠপর্যায়ে এসব বিয়ের ওপর কার্যকর নজরদারি এবং আইন প্রয়োগে জটিলতা তৈরি হয়।

বাল্যবিবাহ সম্পূর্ণ নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: বাসস

আরও খবর