পানি সংকট এখন জীবন-মরণের প্রশ্ন: স্পিকার
পানি সংকট মোকাবিলায় এশিয়ার সব দেশকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। তিনি বলেছেন, বর্তমান বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে ওঠা পানি সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা ও কার্যকর নীতিগত উদ্যোগের কোনো বিকল্প নেই।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এশিয়া ন্যাশনাল অ্যাসেম্বেলি ওয়াটার কনসালটেটিভ বোর্ডের (এএডব্লিউসি) জেনারেল সেক্রেটারি হা সাং জে’র নেতৃত্বে দক্ষিণ কোরিয়ার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
স্পিকার বলেন, পানি সংকট বর্তমানে অনেক দেশের জন্য জীবন-মরণের প্রশ্নে পরিণত হয়েছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলো—বাংলাদেশ, ভারত ও পাকিস্তান—পানির সংকটের কারণে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। তিনি উল্লেখ করেন, আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই প্রতিবেশী ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
সাক্ষাৎকালে হা সাং জে বৈশ্বিক পানি সংকট মোকাবিলায় এএডবিউসি’র কার্যক্রমে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদের সম্পৃক্ত করার বিষয়ে স্পিকারের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে ২০২৬ সালে লাওসে অনুষ্ঠিতব্য সংগঠনটির বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের জন্য স্পিকারকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
এসময় স্পিকার ২০১৯ সাল থেকে আইনি কাঠামোর মাধ্যমে পানি সমস্যা সমাধানে এএডব্লিউসি’র ধারাবাহিক উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, পানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, পানি ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন বিষয়ে এশিয়ার দেশগুলোর মধ্যে আইনগত ও নীতিগত সহযোগিতা জোরদারে সংগঠনটির ভূমিকা গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের সংসদ সদস্যদের এএডবিউসি’র লেজিসলেটিভ কার্যক্রমে যুক্ত হওয়ার বিষয়ে সুপারিশ করবেন বলেও প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন স্পিকার। পাশাপাশি লাওসে অনুষ্ঠিতব্য পরবর্তী বার্ষিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ থাকবে বলেও জানান তিনি।
সাক্ষাৎকালে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






