ads

দীর্ঘ চোটভোগের পর অবশেষে মাঠে ফেরার দ্বারপ্রান্তে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। পুরোপুরি অনুশীলনে অংশ নিয়ে তিনি এখন ম্যাচ খেলার মতো অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন সতীর্থরা। ফলে উত্তর আমেরিকা বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের পরবর্তী ম্যাচে তার মাঠে ফেরার সম্ভাবনা জোরালো হয়েছে।

গ্রুপ ‘সি’-তে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে স্কটল্যান্ডের সংগ্রহ ৩ পয়েন্ট।

২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হাঁটুর গুরুতর চোটে পড়েন নেইমার। এরপর দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও আর দেখা যায়নি তাকে।

৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড সৌদি আরবে সংক্ষিপ্ত অধ্যায় শেষ করে ফিরে যান নিজের শৈশবের ক্লাব সান্তোসে। চলতি মৌসুমে ১৫ ম্যাচে ৬ গোল ও ৪ অ্যাসিস্ট করে নিজের সামর্থ্যের ঝলক দেখান তিনি। তবে ফেব্রুয়ারিতে হাঁটুর অস্ত্রোপচারের পর আবারও চোটের সমস্যায় পড়েন।

চোট ও ফিটনেস নিয়ে নানা প্রশ্ন থাকলেও ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপ স্কোয়াডে নেইমারের ওপর আস্থা রাখেন। দলের প্রথম দুই ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ ড্র এবং হাইতির বিপক্ষে ৩-০ জয়ের সময় অবশ্য বেঞ্চেই ছিলেন এই তারকা।

সাম্প্রতিক অনুশীলনে নেইমারের সক্রিয় উপস্থিতি ব্রাজিল শিবিরে নতুন আশার সঞ্চার করেছে। সতীর্থ গ্যাব্রিয়েল মার্তিনেল্লি বলেন, “সে অনুশীলনে খুব ভালো পারফর্ম করেছে এবং তার তীব্রতা সত্যিই দারুণ। তার মান নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে খেলবে কি না, সেটি কোচের সিদ্ধান্ত।”

সবকিছু ঠিক থাকলে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে দেখা যেতে পারে নেইমারকে। তার প্রত্যাবর্তন ব্রাজিলের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন সমর্থক ও বিশ্লেষকরা।

আরও খবর