ads

গ্রুপ পর্বে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারলেও অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর ওপর পূর্ণ আস্থা রাখছেন পর্তুগালের প্রধান কোচ রবার্তো মার্তিনেজ। লিওনেল মেসি ও আর্লিং হলান্ডকে বিশ্রাম দেওয়ার উদাহরণ টেনে রোনালদোকেও কেন বিশ্রাম দেওয়া হয়নি—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের তুলনা ‘শিশুসুলভ’।

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেই শেষ ৩২ নিশ্চিত করেছিল পর্তুগাল। তবে শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করায় গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। এর আগে ডিআর কঙ্গোর সঙ্গেও ড্র করেছিল পর্তুগাল। তিন ম্যাচে তাদের একমাত্র জয় ছিল উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে, যেখানে জোড়া গোল করেছিলেন রোনালদো।

তবে টুর্নামেন্টে ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। তিনটি ম্যাচেই পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন তিনি। এ কারণে শেষ গ্রুপ ম্যাচে তাঁকে বিশ্রাম না দেওয়ার সিদ্ধান্তও সমালোচনার জন্ম দেয়।

অন্যদিকে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা লিওনেল মেসিকে এবং নরওয়ে আর্লিং হলান্ডকে শুরুর একাদশে রাখেনি। সেই প্রসঙ্গ তুলে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে মার্তিনেজ বলেন,
"আমরা অন্য দলের খেলোয়াড়দের সঙ্গে রোনালদোর তুলনা করি না। তুলনা করাটা হবে শিশুসুলভ।"

রোনালদোর শারীরিক ও মানসিক সক্ষমতার প্রশংসা করে পর্তুগাল কোচ বলেন, তিনি এখনও পুরো ম্যাচ খেলতে সক্ষম।

"সঠিক সময়ে সঠিক জায়গায় থাকতে সে অভ্যস্ত। বিষয়টি মূলত মানসিক দৃঢ়তা, শৃঙ্খলা এবং আমাদের আক্রমণাত্মক কৌশলে জায়গা তৈরি করার। সে এগুলো খুব ভালোভাবেই করছে।"

তবে নকআউট পর্বে দলে পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন মার্তিনেজ।

তিনি বলেন, "রোনালদোর জন্য ৯০ মিনিট খেলা কোনো সমস্যা নয়। তবে পরের ম্যাচে পরিবর্তন আসতে পারে, আর সেটা শুধু রোনালদোর জন্য নয়, অন্য যেকোনো খেলোয়াড়ের ক্ষেত্রেও প্রযোজ্য।"

গ্রুপ রানার্সআপ হওয়ায় নকআউট পর্বে অপেক্ষাকৃত কঠিন পথ পাড়ি দিতে হবে পর্তুগালকে। শেষ ৩২-এ তাদের সম্ভাব্য প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। সে বাধা পেরোতে পারলে শেষ ষোলোতে ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে সম্ভাব্য কঠিন ড্র নিয়ে উদ্বিগ্ন নন মার্তিনেজ। তাঁর ভাষায়,

"এখন নিজেদের আরও গুছিয়ে নেওয়া এবং উন্নতি করার সময়। বলের দখল ও নিয়ন্ত্রণ আরও বাড়াতে হবে। সেরা ছন্দে পৌঁছাতে এই তিনটি ম্যাচ আমাদের প্রয়োজন ছিল। এখন নকআউট পর্বে সম্পূর্ণ ভিন্ন এক টুর্নামেন্ট শুরু হচ্ছে।"

পর্তুগালের আশা, নকআউট পর্বে অভিজ্ঞ রোনালদোর নেতৃত্বেই দলটি নিজেদের সেরা ছন্দে ফিরে শিরোপার লড়াইয়ে আরও এগিয়ে যাবে।

আরও খবর