জাবির সেই ডেপুটি রেজিস্ট্রারকে বদলি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অফিসার সমিতির আপত্তির মুখে ডেপুটি রেজিস্ট্রার ড. বিএম কামরুজ্জামানকে কর্মী প্রশাসন শাখা থেকে উচ্চশিক্ষা ও বৃত্তি শাখায় বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে ডেপুটি রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমানকে।
রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজের সুবিধার্থে এবিএম আজিজুর রহমানকে কর্মী প্রশাসন (প্রশাসন-২) শাখায় এবং বিএম কামরুজ্জামানকে উচ্চশিক্ষা ও বৃত্তি শাখায় বদলি করা হলো। এ বদলির কারণে তাদের বেতন বা সিনিয়রিটির কোনো তারতম্য হবে না। এছাড়া কাউন্সিল শাখা আপাতত রেজিস্ট্রারের তত্ত্বাবধানে থাকবে।
এর আগে গত ২৭ মার্চ ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-২) কামরুজ্জামানকে বদলিসহ চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কর্মবিরতি ও নতুন প্রশাসনিক ভবন অবরোধের আলটিমেটাম দেয় অফিসার সমিতি। এর পরিপ্রেক্ষিতে ২ এপ্রিল সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে কর্মবিরতি পালন করে সংগঠনটি। পরে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে অনির্দিষ্টকালের কর্মবিরতি দুই ঘণ্টায় শেষ হয়।






