কোহলির পর অবসরের ঘোষণা দিলেন রোহিতও
একই দিনে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ভারতকে দ্বিতীয়বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা এনে দেবার পরেই হাসিমুখে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটকে (আন্তর্জাতিক) বিদায় বলে দিলেন আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা দুই ব্যাটার।
ফাইনালে প্রোটিয়াদের বিপক্ষে ৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার নিতে গিয়ে নিজের বিদায়ের কথা জানিয়ে দেন কোহলি। তার আধ ঘণ্টা পর রোহিত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়ার ঘোষণা দিয়েছেন সংবাদ সম্মেলনে এসে। কোহলির মতো করে ভারতের অধিনায়কও বলে গেলেন জাতীয় দলের হয়ে এটাই তার শেষ টি-টোয়েন্টি ম্যাচ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রোহিত বলেন, ‘এটাই ভারতের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল। এর পরে আমি আর দেশের হয়ে টি-টোয়েন্টি খেলব না। এই সিদ্ধান্ত নেওয়ার এর থেকে ভালো মুহূর্ত হতে পারে না।’ টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও অবশ্য এক দিন ও টেস্ট ক্রিকেট তিনি খেলবেন বলে জানিয়েছেন রোহিত।
ভারত অধিনায়ক বলেন, ‘আমি যখন থেকেই এই ফরম্যাট খেলেছি তখন থেকেই উপভোগ করেছি। আমি এটাই চেয়েছি- আমি বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। শেষ পর্যন্ত যে জিততে পেরেছি তার জন্য খুশি।’






