ইউক্রেনের আরও অস্ত্র দাবি, বৃটিশ প্রতিরক্ষামন্ত্রী বললেন -‘আমরা আমাজন নই’
অস্ত্র চাওয়ার ক্ষেত্রে ইউক্রেনের উচিৎ আরও কম নরম সুরে কথা বলা। এমনভাবেই দেশটিকে কটাক্ষ করেছেন বৃটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। তিনি ইউক্রেনের উদ্দেশ্যে বলেছেন, আমরা মোটেই ‘আমাজন’ (ই-কমার্স কোম্পানি) নই। বুধবার লিথুয়ানিয়ায় ন্যাটোর সম্মেলন থেকে গণমাধ্যমকে এই বার্তা দেন তিনি। এ খবর দিয়েছে আরটি।
খবরে বলা হয়, বেন ওয়ালেস যদিও সবসময়ই কিয়েভের প্রতি স্পষ্ট সমর্থন দিয়ে আসছেন। তবে ইউক্রেন বৃটেনের প্রতি যথেষ্ট কৃতজ্ঞ নন বলে মনে করেন তিনি। ন্যাটোর সম্মেলন চলাকালীন এর সাইডলাইনে একটি ইভেন্টে যোগ দেন বৃটিশ প্রতিরক্ষামন্ত্রী। সেখানে তিনি বলেন, ইউক্রেন প্রায়ই বিভিন্ন দেশকে তাদের নিজেদের অস্ত্র ভাণ্ডার দিয়ে দেয়ার জন্য বলেন। কিন্তু তাদের বুঝতে হবে যে, সেসব দেশের আইনপ্রণেতাদের এতে রাজি করানোও কিয়েভের কাজ।
বেন ওয়ালেস আরও বলেন, তিনি মার্কিন কর্মকর্তাদের থেকে শুনেছেন যে, ইউক্রেন তাদেরকে ই-কমার্স সাইট আমাজনের মতো করে দেখে। অথচ তারা ইউক্রেনকে বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র দিয়ে চলেছে।
তিনি স্বীকার করেন যে, ইউক্রেন বৃটেনের ক্ষেত্রেও একই আচরণ করে। গত জুন মাসে ইউক্রেনের কাছ থেকে একটি অস্ত্রের তালিকা পেতে তাকে ১১ ঘণ্টা গাড়িতে সফর করতে হয়েছিল বলেও জানান তিনি।






