টেইলর সুইফট–ট্রাভিস কেলসির কথিত বিয়ে ঘিরে নিউইয়র্কে নিরাপত্তা জোরদার
বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট এবং মার্কিন ফুটবল তারকা ট্রাভিস কেলসির কথিত বিয়েকে ঘিরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। আগামী ৩ জুলাই ম্যাডিসন স্কয়ার গার্ডেনে (এমএসজি) এই তারকা জুটির বিয়ের আয়োজন হতে পারে—এমন গুঞ্জনের পর থেকেই ভক্তদের ব্যাপক সমাগমের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)।
মার্কিন বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানটি সরাসরি দেখার সুযোগ না থাকলেও প্রিয় তারকাকে একনজর দেখতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ‘সুইফটিজ’—টেইলর সুইফটের ভক্ত—নিউইয়র্কে ভিড় করতে পারেন। পাশাপাশি পাপারাজ্জিদের উপস্থিতিও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
ম্যাডিসন স্কয়ার গার্ডেন এমনিতেই নিউইয়র্কের অন্যতম ব্যস্ত এলাকা এবং গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্রের কাছাকাছি অবস্থিত। সাম্প্রতিক বড় বড় আয়োজনের কারণে সেখানে মানুষের চাপ বেড়েছে। এর মধ্যে টেইলর সুইফটের কথিত বিয়ের খবর নিরাপত্তা ও যান চলাচল ব্যবস্থাপনায় নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সম্ভাব্য ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা নিশ্চিত করা এবং পাপারাজ্জিদের সামলানোর বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের ইতোমধ্যেই বিশেষ নির্দেশনা ও ব্রিফিং দেওয়া হয়েছে।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ম্যাডিসন স্কয়ার গার্ডেনের মতো ইনডোর ভেন্যু বেছে নেওয়া হলে সেটি নিরাপত্তার দিক থেকে সুবিধাজনক হতে পারে। কারণ, সেখানে বাইরে থেকে ড্রোনের মাধ্যমে ছবি তোলার সুযোগ সীমিত এবং পুরো স্থাপনাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
তবে টেইলর সুইফট বা ট্রাভিস কেলসির পক্ষ থেকে এখনো বিয়ের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে ৩ জুলাই বিয়ের আয়োজনের বিষয়টি এখনো গুঞ্জনের পর্যায়েই রয়েছে। অনেকের ধারণা, আলোচনায় থাকা এই ভেন্যুর খবরটি প্রকৃত আয়োজনের স্থান গোপন রাখার কৌশলও হতে পারে।
এর আগে দ্য নিউইয়র্ক টাইমস পুলিশের বিশেষ সতর্কতার বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।






